মালদহে ভোটের প্রচারে ‘মাস্টারশেফ’ আশিস, ভোটারের বাড়িতে রাঁধলেন মাছের ঝোল

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আবহে মালদহের ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রে ধরা পড়ল প্রচারের এক অভিনব ছবি। প্রথাগত সভা-সমাবেশের বাইরে বেরিয়ে ভোটারদের মন জয় করতে নতুন ট্রেন্ডে গা ভাসালেন তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। মঙ্গলবার প্রচারের ফাঁকে তিনি সরাসরি এক ভোটারের রান্নাঘরে ঢুকে নিজে হাতে মাছের ঝোল রান্না করেন। জনসংযোগের এই ভিন্নধর্মী প্রয়াস স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এদিন সকালে জহুরাতলায় পুজো দিয়ে প্রচার শুরু করার পর যদুপুর ও অমৃতি এলাকায় কর্মিসভা সারেন আশিসবাবু। দুপুরে অমৃতির বাসিন্দা রাধিকা মণ্ডলের বাড়িতে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ ছিল তাঁর। সেখানে গিয়ে দেখেন মাছ রান্না বাকি রয়েছে। দেরি না করে নিজেই খড়ির উনুনে খুন্তি হাতে তুলে নেন প্রার্থী। আলু ও পেঁয়াজ দিয়ে মাছের ঝোল রান্নার পর বাড়ির সদস্যদের সঙ্গে মাটির বারান্দায় বসে কলাপাতায় তৃপ্তিভরে খাবার খান তিনি।
রান্না শেষে তৃণমূল প্রার্থী জানান, দীর্ঘ রাজনৈতিক ব্যস্ততায় শখের রান্না করার সুযোগ পান না। প্রচারের মাঝে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে এই অভিজ্ঞতাকে তিনি বিশেষভাবে উপভোগ করেছেন। বর্তমান সময়ে কেবল হাতজোড় করে ভোট চাওয়া নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠাই প্রার্থীদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়তেই প্রার্থীদের এমন ঘরোয়া মেজাজে দেখা যাচ্ছে।