মালদহ কাণ্ডে পুলিশের বড় সাফল্য বাগডোগরা থেকে গ্রেফতার মূল অভিযুক্ত মোফাক্কারুল

মালদহ কাণ্ডে পুলিশের বড় সাফল্য বাগডোগরা থেকে গ্রেফতার মূল অভিযুক্ত মোফাক্কারুল

মালদহের সুজাপুরে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নিযুক্ত বিচার বিভাগীয় কর্মকর্তাদের দীর্ঘ ৯ ঘণ্টা আটকে রাখার ঘটনায় মূল অভিযুক্ত এআইএমআইএম নেতা মোফাক্কারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে পালানোর সময় পেশায় আইনজীবী এই নেতাকে জালে তোলে প্রশাসন। অভিযোগ, গত বুধবার কালিয়াচক-২ ব্লকের বিডিও অফিসের সামনে সংগঠিত বিশাল বিক্ষোভ ও কর্মকর্তাদের ওপর হামলার নেপথ্যে মূল উস্কানিদাতা ছিলেন তিনিই।

এই নজিরবিহীন ঘটনায় কড়া অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এটিকে বিচার ব্যবস্থার ওপর ‘নির্লজ্জ হামলা’ এবং রাজ্য সরকারের কর্তব্য পালনে চরম ব্যর্থতা হিসেবে অভিহিত করেছে। শীর্ষ আদালতের নির্দেশে এই স্পর্শকাতর ঘটনার তদন্তভার ইতিমধ্যেই এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রশাসনিক গাফিলতির অভিযোগে মুখ্যসচিব ও ডিজিপি-কে শোকজ করে আগামী ৬ এপ্রিল ভার্চুয়ালি হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে ঘটনার পর মালদহ জেলা জুড়ে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। এই হিংসার ঘটনায় এ পর্যন্ত মোট ১৯টি মামলা দায়ের করা হয়েছে এবং মাস্টারমাইন্ড মোফাক্কারুলসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকাজে কেন বিলম্ব হলো, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে প্রশাসন। বর্তমানে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার মূল ষড়যন্ত্র উন্মোচনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *