মালদায় আদিবাসীদের গণ-ধর্মান্তকরণ ও শংসাপত্র অপব্যবহারের অভিযোগে উত্তাল শহর

মালদা জেলায় আদিবাসী সম্প্রদায়ের হাজার হাজার মানুষ বুধবার এক বিশাল প্রতিবাদ মিছিলে শামিল হন। একটি আদিবাসী সংগঠন ও হিন্দু কমিউনিটি ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির কারণে মালদা শহর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। আন্দোলনকারীদের অভিযোগ, গত এক বছরে হবিবপুর, গাজোল, বামনগোলা এবং পুরাতন মালদা ব্লক থেকে প্রায় ২০ হাজার আদিবাসীকে প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করা হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, ‘বহিরাগত শক্তি’ অত্যন্ত গোপনে এই প্রক্রিয়া চালাচ্ছে। দুরারোগ্য ব্যাধি সারিয়ে দেওয়া বা সন্তান লাভের টোপ দিয়ে সরলপ্রাণ আদিবাসীদের ধর্ম পরিবর্তনে বাধ্য করা হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র হবিবপুর ও গাজোল এলাকাতেই ধর্মান্তকরণের সংখ্যা সবথেকে বেশি। এই ঘটনার প্রতিবাদে জেলা ক্রীড়া সংস্থা সংলগ্ন মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি শহর পরিক্রমা করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল তপশিলি জাতি ও উপজাতি শংসাপত্রের অপব্যবহার বন্ধ করা। অভিযোগ, ধর্মান্তরিত ব্যক্তিরা ধর্মীয় পরিচয় বদলালেও সরকারি নথিতে আদিবাসী পরিচয় বজায় রেখে সংরক্ষণের সুবিধা নিচ্ছেন। এর ফলে প্রকৃত আদিবাসীরা বঞ্চিত হচ্ছেন। জেলা প্রশাসনের কাছে এই বিষয়ে দ্রুত তদন্ত ও কড়া পদক্ষেপের দাবিতে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসী নেতৃত্ব।