মালদায় মমতার মেগা রোড-শো ও অভিষেকের জোড়া সভা তৃণমূলের ভোটপ্রচারে তুঙ্গে পারদ

মালদায় মমতার মেগা রোড-শো ও অভিষেকের জোড়া সভা তৃণমূলের ভোটপ্রচারে তুঙ্গে পারদ

রাজ্যে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্য নিয়ে দলের হয়ে প্রচারে ঝড় তুলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার রাজ্যের তিন জেলাজুড়ে একাধিক কর্মসূচি রয়েছে এই দুই শীর্ষ নেতার।

শনিবার মালদা জেলায় মোট তিনটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, মানিকচক, রতুয়া ও মালতীপুর এবং গাজোলে প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার সারবেন তিনি। রতুয়া ও মালতীপুরের প্রার্থীদের নিয়ে যৌথভাবে সভার আয়োজন করা হয়েছে। প্রচার শেষে গাজোল থেকে ফিরে ইংরেজবাজারে একটি বর্ণাঢ্য মিছিলে অংশ নেবেন তৃণমূলনেত্রী।

নির্বাচনী আবহে মালদার ইংরেজবাজারে মমতার এই প্রথম রোড-শো ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। রবীন্দ্রমূর্তি থেকে শুরু হয়ে এই মিছিল ফোয়ারা মোড়, নেতাজি মোড় ও পাকুড়তলা মোড় হয়ে কবি সুকান্ত মোড়ে গিয়ে শেষ হবে। মিছিল শেষে উপস্থিত জনতার উদ্দেশে বিশেষ সাংগঠনিক বার্তা দিতে পারেন তিনি।

অন্যদিকে, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় নির্বাচনী প্রচারে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারাবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে পানুরিয়া হাসপাতাল গ্রাউন্ডে একটি জনসভা করবেন তিনি। দলীয় প্রার্থীর হয়ে ভোটপ্রচারে সেখানকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরবেন তৃণমূলের এই দাপুটে নেতা।

পশ্চিম বর্ধমানের কর্মসূচি সেরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি পৌঁছে যাবেন বীরভূমের হাঁসন বিধানসভা কেন্দ্রে। সেখানে দলীয় প্রার্থী ফয়জুল হকের সমর্থনে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। বীরভূমের রাজনৈতিক প্রেক্ষাপটে এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সভা শেষে তৃণমূলের সাধারণ সম্পাদকের তারাপীঠ মন্দির পরিদর্শন করার কথা রয়েছে।

তৃণমূলের এই শীর্ষ নেতৃত্বের ঘনঘন জেলা সফর ও জনসংযোগ বিরোধীদের ওপর বাড়তি চাপ তৈরি করছে। মালদা থেকে বীরভূম—তৃণমূলের প্রচার কৌশল এখন তুঙ্গে। আগামী কয়েকদিন এই প্রচারের মাত্রা আরও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। স্থানীয় প্রশাসনও প্রতিটি জনসভা ও মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *