মালদার রতুয়ায় নাকা চেকিংয়ে বিপুল পরিমাণ নগদ উদ্ধার, বাজেয়াপ্ত ১৫ লক্ষ টাকা

মালদার রতুয়ায় নাকা চেকিংয়ে বিপুল পরিমাণ নগদ উদ্ধার, বাজেয়াপ্ত ১৫ লক্ষ টাকা

ভোটের আবহে উত্তপ্ত মালদায় নাকা চেকিংয়ের সময় উদ্ধার হলো বিপুল অঙ্কের নগদ অর্থ। সোমবার মালদার রতুয়া এলাকায় নাকা তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা উদ্ধার করেন নির্বাচন কমিশনের আধিকারিক ও নিরাপত্তাকর্মীরা। পুখুরিয়া থানার বরকোল নাকা পয়েন্টে একটি ছোট গাড়িতে তল্লাশি চালানোর সময় এই বিপুল পরিমাণ অর্থের সন্ধান পাওয়া যায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পুখুরিয়ার পোদিয়ামোড় এলাকায় অবৈধ নগদ লেনদেন রুখতে কড়া নজরদারি চালানো হচ্ছিল। পুখুরিয়া থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা যৌথভাবে এই তল্লাশি অভিযান পরিচালনা করেন। সেই সময় দুটি সন্দেহভাজন গাড়ি আটক করা হলে নগদ ১৫ লক্ষ টাকার খোঁজ মেলে। গাড়ির যাত্রীরা ওই বিপুল পরিমাণ অর্থের সপক্ষে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি।

বৈধ কোনো তথ্য বা প্রমাণ না থাকায় নির্বাচনী বিধি অনুযায়ী আধিকারিকরা সঙ্গে সঙ্গেই পুরো টাকা বাজেয়াপ্ত করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর উদ্ধার হওয়া অর্থ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভোটের আগে জেলায় টাকার উৎস এবং এই অর্থ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিভাগ। নজরদারি আরও জোরদার করা হয়েছে পুরো মালদা জুড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *