মালিকের মাথা কামড়ে দুমড়ে দিল পোষা উট, ভয়াবহ মৃত্যুতে শোকের ছায়া এলাকায়

রাজস্থানের চুরু জেলার সরদারশহর তহসিলের অজিতসর গ্রামে পোষা উটের আক্রমণে রামলাল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। জীবিকা নির্বাহের জন্য এক মাস আগে তিনি উটটি কিনেছিলেন। শনিবার সকালে উটটিকে গাড়ির সঙ্গে বাঁধার সময় হঠাৎই সেটি উত্তেজিত হয়ে ওঠে। উটটি রামলালকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং এরপর তার মাথাটি নিজের চোয়ালের মধ্যে চেপে ধরে। মাত্র ১০ সেকেন্ডের মধ্যে উটের প্রবল চাপে কৃষকের মাথার খুলি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর পরিবারের সদস্যরা উটটিকে নিয়ন্ত্রণ করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। শোকার্ত পরিবার উটটিকে আর নিজেদের কাছে রাখতে নারাজ এবং সেটিকে মেরে ফেলার পরিকল্পনা করছে। উল্লেখ্য, পাঁচ মাস আগেও বিকানেরে একই ধরনের ঘটনায় এক ব্যক্তি উটের আক্রমণে প্রাণ হারিয়েছিলেন। উটের এই আচরণের পর স্থানীয় পশু মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।