মালেগাঁও পৌর নিগমে নামাজ: সরকারি কর্মীদের ‘জিহাদি’ আখ্যা দিয়ে বির্তকিত মন্তব্য মন্ত্রী নীতেশ রানের

মহারাষ্ট্রের মালেগাঁও পৌর নিগমের বিদ্যুৎ বিভাগের অফিসে সরকারি কর্মীদের নামাজ পড়ার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা মন্ত্রী নীতেশ রানে। তিনি সংশ্লিষ্ট কর্মীদের কঠোর সমালোচনা করে তাঁদের কর্মকাণ্ডকে ‘জিহাদ’ হিসেবে অভিহিত করেছেন এবং এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
নীতেশ রানে প্রশ্ন তুলেছেন, এলাকায় পর্যাপ্ত মসজিদ থাকা সত্ত্বেও কেন সরকারি দফতরে নামাজ পড়া হচ্ছে। তিনি আরও দাবি করেন, মহারাষ্ট্র একটি ‘হিন্দু রাষ্ট্র’ এবং এখানে সরকারি কাজের জায়গায় ধর্মীয় আচরণ বরদাস্ত করা হবে না। এছাড়া মাদ্রাসা নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিনি সেগুলিকে উগ্রপন্থার কেন্দ্র হিসেবে দাবি করেন এবং বন্ধ করার পক্ষে সওয়াল করেন।
মন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধী দলগুলো একে উসকানিমূলক ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা বলে নিন্দা জানিয়েছে। অন্যদিকে, সরকারি অফিসে ধর্মীয় কার্যকলাপের বিরোধিতা করে রানের সমর্থকরা প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখার দাবি তুলেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে মালেগাঁওসহ সমগ্র রাজ্যে বর্তমানে সাম্প্রদায়িক ও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।