মা-কে শেষ মেসেজ আই লাভ ইউ, ডায়েরিতে লেখা বিচ্ছেদের দগদগে ক্ষত নিয়ে শেষ হয়ে গেল ২১ বছরের তরুণী ইউটিউবার

হায়দরাবাদের ফ্ল্যাট থেকে উদ্ধার হল জনপ্রিয় ইউটিউবার ও বিএসসি পড়ুয়া বোনু কোমালির নিথর দেহ। মাত্র ২১ বছর বয়সেই কেন জীবন শেষ করে দেওয়ার চরম পথ বেছে নিলেন এই তরুণী? সেই রহস্যের জট খুলতে গিয়ে উঠে আসছে এক গভীর বিষাদ ও ভাঙা প্রেমের গল্প। মূল বাড়ি বিশাখাপত্তনমে হলেও পড়াশোনার সূত্রে গত ১১ মাস ধরে হায়দরাবাদে একাই থাকতেন কোমল। সোমবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
শেষ মেসেজ ও ডায়েরির পাতায় লুকানো কান্না
মৃত্যুর ঠিক আগে কুয়েতে থাকা মাকে মোবাইলে একটি শেষ বার্তা পাঠিয়েছিলেন কোমল। তাতে লেখা ছিল, “মা, আমি তোমাকে খুব ভালোবাসি।” বিদেশ থেকে মা ফোন করে মেয়ের সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে এক বান্ধবীকে খবর দেন। সেই বান্ধবী ফ্ল্যাটে গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখেন ফ্যানের সাথে ঝুলছে কোমালের নিথর শরীর।
তদন্তে নেমে পুলিশের হাতে এসেছে কোমালের ব্যক্তিগত ডায়েরি। সেই ডায়েরির পাতায় পাতায় ছড়িয়ে আছে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে তাঁর দীর্ঘ তিন বছরের সম্পর্কের টানাপোড়েন। জানা গেছে, সম্প্রতি সেই প্রেমের সম্পর্কে চিড় ধরেছিল, যা মেনে নিতে পারেননি এই মেধাবী ইউটিউবার। ডায়েরিতে তিনি নিজের একাকিত্ব এবং ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণার কথা বারবার লিখে গিয়েছেন।
ডিজিটাল প্রমাণের খোঁজে পুলিশ
পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। কোমালির মোবাইল ফোন এবং ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে তাঁর শেষ কী কথা হয়েছিল বা বিচ্ছেদের নেপথ্যে অন্য কোনো প্ররোচনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এক উদীয়মান ইউটিউবারের এমন করুণ পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর অনুরাগী ও সহপাঠীদের মধ্যে।