মিনাবে স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা: রাষ্ট্রপুঞ্জে আমেরিকা ও ইজ়রায়েলের বিরুদ্ধে সরব ইরান

দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আমেরিকা ও ইজ়রায়েলের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে সরব হলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে আয়োজিত ভিডিও কনফারেন্সে তিনি দাবি করেন, গত ২৮ ফেব্রুয়ারি টোমাহক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে চালানো এই হামলা কোনো যান্ত্রিক ত্রুটি বা ভুল ছিল না, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত আক্রমণ। আরাঘচি এই ঘটনাকে সরাসরি ‘যুদ্ধাপরাধ’ এবং ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন।
ইরানের বিদেশমন্ত্রীর অভিযোগ, এই নৃশংস হামলায় শিক্ষক ও পড়ুয়া-সহ মোট ১৭৫ জনের মৃত্যু হয়েছে। তিনি জানান, মার্কিন গোয়েন্দা রিপোর্টেই হামলার দায় আমেরিকা ও ইজ়রায়েলের ওপর বর্তানো হয়েছে। যদিও সংশ্লিষ্ট দেশ দুটি প্রথমে দায় এড়াতে ইরানের ওপর দোষারোপ করেছিল এবং পরবর্তীতে একে ‘প্রযুক্তির ভুল’ বলে লঘু করার চেষ্টা চালিয়েছে। তবে সরাসরি স্কুলকে নিশানা করা এই পরিকল্পনাকে কোনোভাবেই ক্ষমা করা যায় না বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরুর দিনেই সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের দফতরের পাশাপাশি মিনাব শহরেও এই হামলা চালানো হয়। আরাঘচি বিশ্ব সম্প্রদায়ের কাছে এই নিষ্ঠুর কর্মকাণ্ডের বিরুদ্ধে একযোগে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, নীরবতা বা উদাসীনতা দেখিয়ে এই অপরাধকে আড়াল করার সুযোগ নেই এবং দোষীদের আন্তর্জাতিক স্তরে জবাবদিহি করতে হবে।