মিনিটের ব্যবধানে বিশ্বের শীর্ষ ধনী, কফি কাপে চুমুক দিয়ে তরুণীর হাতে ‘কুবেরের ধন’

মিনিটের ব্যবধানে বিশ্বের শীর্ষ ধনী, কফি কাপে চুমুক দিয়ে তরুণীর হাতে ‘কুবেরের ধন’

একটি কফি শপের গিফট কার্ড ব্যবহার করতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে রাতারাতি বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ককেও ছাপিয়ে গেলেন ব্রিটিশ তরুণী সোফি ডাউনিং। নটিংহ্যামের বাসিন্দা ২৯ বছর বয়সী সোফি বড়দিনের উপহার হিসেবে পাওয়া ১০ পাউন্ডের একটি গিফট কার্ড ব্যবহার করতেই স্ক্রিনে ১৭ অঙ্কের অবিশ্বাস্য ব্যালেন্স ফুটে ওঠে। যান্ত্রিক বিভ্রাটের কারণে তাঁর অ্যাকাউন্টে ৬৩ কোয়াড্রিলিয়ন পাউন্ড জমা দেখায়, যা বিশ্ব অর্থনীতির তুলনায় প্রায় ৬৭০ গুণ বেশি।

‘২০০ ডিগ্রি কফি’ নামক ওই বিপণি কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি নিছকই প্রশাসনিক ভুল ছিল। আসলে গিফট কার্ডের নম্বরটি ভুলবশত ব্যালেন্সের ঘরে টাইপ হয়ে যাওয়ায় রসিদে এই বিপুল পরিমাণ অর্থের অঙ্ক চলে আসে। কফি শপ কাউন্টারের কর্মীরা এই ঘটনায় হতভম্ব হয়ে গেলেও কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি সংশোধন করে নেয়। সোফির কার্ড থেকে কফির প্রকৃত দামই কাটা হয়েছে, তবে এই অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হিসেবে সেই রসিদটি তাঁকে দিয়ে দেওয়া হয়।

বাস্তবে কোটিপতি না হলেও কাগজে-কলমে বিশ্বের সবচেয়ে ধনী হওয়ার এই বিরল মুহূর্তটি বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন সোফি। তিনি রসিকতা করে জানান, এমন আজব ঘটনা তিনি আগে কখনো দেখেননি। যদিও যান্ত্রিক ত্রুটি সংশোধন করে তাঁকে সঠিক অঙ্কের নতুন রসিদ দেওয়া হয়েছে, তবুও ওই ১৭ অঙ্কের অলীক রসিদটি এখন সোফির কাছে এক হাসির খোরাক ও অমূল্য স্মৃতি হয়ে রয়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *