মিসাইল হামলায় নিহত আয়াতোল্লা খামেনেই, অল্পের জন্য রক্ষা পেলেন পুত্র মোজতবা

মিসাইল হামলায় নিহত আয়াতোল্লা খামেনেই, অল্পের জন্য রক্ষা পেলেন পুত্র মোজতবা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বাসভবনে ভয়াবহ মার্কিন-ইজরায়েলি মিসাইল হামলায় তাঁর মৃত্যু হয়েছে। একটি ফাঁস হওয়া অডিও বার্তার সূত্রে জানা গেছে, হামলায় খামেনেই ছাড়াও পরিবারের সদস্য এবং সামরিক প্রধান মহম্মদ সিরাজিসহ একাধিক শীর্ষ আধিকারিক নিহত হয়েছেন। অন্তত তিনটি ব্যালিস্টিক মিসাইল সরাসরি ওই কম্পাউন্ডে আঘাত হানে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।

আশ্চর্যজনকভাবে এই হামলা থেকে বেঁচে গিয়েছেন খামেনেইয়ের পুত্র তথা বর্তমান উত্তরসূরি মোজতবা খামেনেই। প্রতিবেদন অনুযায়ী, হামলার ঠিক কয়েক মুহূর্ত আগে তিনি ভবন থেকে বেরিয়ে বাগানে যাওয়ায় প্রাণে রক্ষা পান। বিস্ফোরণে তাঁর পায়ে সামান্য চোট লেগেছে বলে জানা গেছে। তবে ঘটনার পর থেকে তাঁকে প্রকাশ্যে না দেখা যাওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে ধোঁয়াশা তৈরি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোজতবার বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। অন্যদিকে, মোজতবা রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে এক বার্তায় এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তবে ইরানের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। বর্তমানে এই হামলার ভয়াবহতা এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ঘিরে বিশ্বজুড়ে রহস্য ও উত্তেজনা ঘনীভূত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *