মুখ্যমন্ত্রীর ‘হাতা-খুন্তি’ মন্তব্য: সিইও-র কাছে জরুরি রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কিছু মন্তব্যকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সঙ্গে নবান্নের সংঘাত তীব্রতর হয়েছে। উত্তরবঙ্গের মাটিগাড়া-নকশালবাড়ির জনসভায় ভোটারদের নাম বাদ দেওয়া এবং পুলিশ আধিকারিকদের বদলি নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী। এই প্রেক্ষিতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর থেকে জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন।
জনসভায় মুখ্যমন্ত্রী মহিলাদের উদ্দেশে বলেছিলেন, “ভোটের সময় কেউ ভয় দেখাতে আসলে ঘরে যা আছে হাতা-খুন্তি তাই নিয়ে বেরবেন।” তৃণমূল নেত্রীর এই বক্তব্যকে উস্কানিমূলক আখ্যা দিয়ে সরব হয়েছে বিজেপি। অভিযোগ উঠেছে, এই ধরনের মন্তব্য ভোটের দিন অশান্তি ছড়াতে পারে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটি খতিয়ে দেখে কমিশনকে দ্রুত বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। ঘাসফুল শিবিরের দাবি, মুখ্যমন্ত্রী কেবল মহিলাদের অভয় দিয়েছেন, এর মধ্যে বিতর্কিত কিছু নেই। তবে ভোটারদের অধিকার রক্ষা এবং বুথ পাহারার বিষয়ে তাঁর কড়া অবস্থান ও নির্বাচন কমিশনারকে দেওয়া চিঠির পর কমিশনের এই পদক্ষেপ রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ভিডিও ফুটেজ ও বক্তব্যের সত্যতা যাচাইয়ের প্রক্রিয়া চলছে।