মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও জলঢাকায় বালি মাফিয়াদের দাপট, বাড়ছে ভাঙন আতঙ্ক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও উত্তরবঙ্গের জলঢাকা নদীতে বালি পাচার অব্যাহত। ময়নাগুড়ি, ধূপগুড়ি ও মেখলিগঞ্জ থানার নাকের ডগায় রাত বাড়লেই জেসিবি ও ডাম্পার নিয়ে শুরু হচ্ছে অবৈধ বালি উত্তোলন। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এই বালি ভিন রাজ্যে পাচার করা হচ্ছে বলে অভিযোগ। মাফিয়াদের ভয়ে গ্রামবাসীরা তটস্থ থাকলেও প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে।
নদীর বাঁধ কেটে রাস্তা তৈরি করে বালি তোলায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, এর ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। ইতিপূর্বে বাঁধ ভেঙে বহু মানুষ গৃহহীন হলেও হুঁশ ফেরেনি প্রশাসনের। সম্প্রতি বালি পাচার রুখতে গিয়ে ভূমি দপ্তরের আধিকারিকরা আক্রান্ত হওয়ার পর কিছুকাল বন্ধ থাকলেও, বর্তমানে ফের সক্রিয় হয়ে উঠেছে চক্রটি।
এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি এই পাচারের নেপথ্যে শাসকদলের স্থানীয় নেতাদের যোগসাজশের অভিযোগ তুলেছে। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, বেআইনি কারবারিদের কোনো দলীয় পরিচয় নেই এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে। ময়নাগুড়ির নবনিযুক্ত ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক গোবিন্দ সাঁতরা পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।