মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব, কলকাতা সফরের মাঝেই তৃণমূলের মেগা পরিকল্পনা

মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব, কলকাতা সফরের মাঝেই তৃণমূলের মেগা পরিকল্পনা

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আসন্ন কলকাতা সফরের মধ্যেই তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অভিশংসন প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী সপ্তাহে জ্ঞানেশ কুমার যখন রাজ্যে প্রশাসনিক বৈঠকে ব্যস্ত থাকবেন, ঠিক সেই সময়েই সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে এই প্রস্তাব পেশ করার পরিকল্পনা রয়েছে জোড়াফুল শিবিরের। এই পদক্ষেপের মাধ্যমে জাতীয় রাজনীতিতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে চাপ তৈরি করতে চাইছে তারা।

দলীয় সূত্রের খবর, লোকসভায় এই প্রস্তাব আনার জন্য প্রয়োজনীয় ১০০ জন সাংসদের স্বাক্ষর সংগ্রহের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তৃণমূলের লোকসভার উপদলনেতা শতাব্দী রায় বেশ কয়েকজন নির্দল সাংসদের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেছেন। পাশাপাশি, রাজ্যসভায় প্রস্তাব আনার বিকল্প পথ হিসেবে ৫০ জন সাংসদের সমর্থন জোগাড়ের বিষয়টিও মাথায় রাখা হয়েছে। তবে সংখ্যার নিরিখে লোকসভা থেকেই এই লড়াই শুরু করতে বেশি আগ্রহী ঘাসফুল শিবির।

এই মেগা পরিকল্পনা সফল করতে বিরোধী জোটের সমর্থন আদায়ে তৎপর হয়েছে তৃণমূল। কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে এবং শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) মতো দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। অনেক বিরোধী দলই এই ইস্যুতে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানা গেছে। সব কিছু ঠিক থাকলে, জ্ঞানেশ কুমারের বঙ্গ সফরের সমান্তরালে দিল্লিতে তাঁর ভূমিকা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক ও আইনি লড়াইয়ের পথ প্রশস্ত হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *