মুখ্য নির্বাচন কমিশনারের অভিশংসন চান বিরোধীরা, নেতৃত্বে তৃণমূল কংগ্রেস

মুখ্য নির্বাচন কমিশনারের অভিশংসন চান বিরোধীরা, নেতৃত্বে তৃণমূল কংগ্রেস

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিশংসন বা ইম্পিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে বিরোধী দলগুলো। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই উদ্যোগে শামিল হয়েছে সমাজবাদী পার্টিসহ ইন্ডিয়া জোটের একাধিক শরিক। সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় সই সংগ্রহের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। লোকসভার ১৩০ জন এবং রাজ্যসভার ৬৩ জন সাংসদ এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন, যা প্রস্তাব পেশের ন্যূনতম প্রয়োজনীয় সংখ্যার চেয়েও বেশি।

তৃণমূল কংগ্রেসের লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায় ও রাজ্যসভার সাংসদ নাদিমূল হক এই প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা পালন করছেন। বিরোধীদের পক্ষ থেকে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মূলত তিনটি গুরুতর অভিযোগ তোলা হয়েছে— ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় জালিয়াতি, পদের অপব্যবহার এবং জনপ্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহার। সাংসদ সৌগত রায় জানিয়েছেন, সব প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই এই প্রস্তাব জমা দেওয়া হবে।

অন্যদিকে, বিরোধী জোটের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি একে সাংবিধানিক প্রতিষ্ঠানের অবমাননা বলে অভিহিত করেছেন। সংসদীয় নিয়মানুযায়ী, এই প্রস্তাব পাস হতে দুই কক্ষেই বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংখ্যাতত্ত্বের বিচারে প্রস্তাবটি পাস হওয়া কঠিন হলেও, নির্বাচনের আগে দিল্লির রাজনীতিতে শক্তি প্রদর্শনের মাধ্যমে বিজেপিকে চাপে রাখাই তৃণমূলের মূল কৌশল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *