মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে উত্তাল সংসদ, পেশ ইমপিচমেন্ট প্রস্তাব

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগ তুলে সংসদের উভয় কক্ষে অপসারণের প্রস্তাব জমা দিলেন বিরোধী সাংসদেরা। ইতিহাসে এই প্রথম কোনো মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে এমন পদক্ষেপ নেওয়া হলো। লোকসভার ১৩০ জন এবং রাজ্যসভার ৬৩ জন সাংসদ এই নোটিসে স্বাক্ষর করেছেন। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ছাড়াও আম আদমি পার্টি ও বেশ কয়েকজন নির্দল সাংসদ এই দাবিতে সমর্থন জানিয়েছেন।
অভিযোগ উঠেছে যে, জ্ঞানেশ কুমার দায়িত্ব পালনে বৈষম্যমূলক আচরণ করেছেন এবং নির্বাচনী জালিয়াতির তদন্তে ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গসহ অ-বিজেপি শাসিত রাজ্যগুলোতে ভোটার তালিকায় নাম বাদ দেওয়া এবং বিজেপিকে অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ রাজ্যে ভোটারদের নাম কাটার প্রতিবাদে সম্প্রতি সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
সংবিধান অনুযায়ী, মুখ্য নির্বাচন কমিশনারকে সরানোর প্রক্রিয়া সুপ্রিম কোর্টের বিচারপতির ইমপিচমেন্টের মতোই জটিল। শুধুমাত্র প্রমাণিত অসদাচরণ বা অক্ষমতার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া সম্ভব। শুক্রবার সংসদের দুই কক্ষে এই প্রস্তাব পেশের মাধ্যমে সেই আইনি প্রক্রিয়া শুরু করার দাবি তুললেন বিরোধীরা। এখন নিয়ম মেনে প্রস্তাবটি গ্রহণ ও পরবর্তী তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।