মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থীর নাম ও প্রতীকে গোবর-কাদা: উত্তপ্ত সুতি, কাঠগড়ায় বিজেপি

মুর্শিদাবাদের সুতি বিধানসভার সাদিকপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঈমানী বিশ্বাসের নির্বাচনী দেওয়াল লিখন বিকৃত করার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার গভীর রাতে সাদিকপুর পঞ্চায়েতের ২৭৬ ও ২৭৭ নম্বর বুথ এলাকায় প্রার্থীর নাম ও ঘাসফুল চিহ্নের ওপর গোবর ও কাদা মাখিয়ে দেওয়া হয়। বুধবার সকালে ঘটনাটি জানাজানি হতেই শাসক শিবিরের নেতা-কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন এবং এই অপকর্মের তীব্র নিন্দা জানান।
সুতি ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি সেরাজুল ইসলামের দাবি, এই নক্কারজনক ঘটনার পিছনে বিজেপির পরিকল্পিত চক্রান্ত রয়েছে। যেহেতু এলাকাটি বিজেপি প্রার্থীর খাসতালুক, তাই পরাজয়ের ভয়ে তারা এমন নোংরা রাজনীতির আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ শাসক দলের। এই ঘটনায় ইতিমধেই সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল নেতৃত্ব।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির যুব মোর্চার রাজ্য নেতা কৌশিক দাস একে ভিত্তিহীন বলে দাবি করেছেন। পদ্ম শিবিরের পাল্টা দাবি, এটি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব বা স্থানীয় জনরোষের ফল হতে পারে। রাজনৈতিক এই চাপানউতোরের মধ্যে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।