মুর্শিদাবাদে মন্দির ভাঙচুরের অভিযোগে তুলকালাম, পুলিশকে ঘিরে স্থানীয়দের তীব্র বিক্ষোভ

মুর্শিদাবাদে মন্দির ভাঙচুরের অভিযোগে তুলকালাম, পুলিশকে ঘিরে স্থানীয়দের তীব্র বিক্ষোভ

মুর্শিদাবাদের মুর্শিদাবাদ থানার অন্তর্গত চুনাখালি শ্যামবাজার এলাকায় রাতের অন্ধকারে কালী ও শিবের মূর্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় পুলিশ ফাঁড়ির মাত্র ১০০ মিটার দূরত্বে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বাসিন্দারা জলঙ্গি রোড অবরোধ করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ যথাযথ তদন্ত না করেই জোরপূর্বক ভাঙা মূর্তি সরিয়ে ফেলা এবং বিসর্জনের জন্য পূজা কমিটির ওপর চাপ সৃষ্টি করেছে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, ফাঁড়ির অদূরে সারারাত পুলিশের নজরদারি থাকলেও এই ভাঙচুরের সময় তাদের কোনো সক্রিয়তা দেখা যায়নি। এই উদাসীনতার প্রতিবাদে পুলিশ কর্মীদের দীর্ঘক্ষণ ঘিরে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন ‘সনাতনী’ পরিচয় দেওয়া স্থানীয় বাসিন্দারা।

বর্তমানে ঘটনাস্থলে পুলিশি টহল জারি রয়েছে এবং পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে প্ররোচনায় পা না দিয়ে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিশেষ আহ্বান জানানো হয়েছে। এই ঘটনায় জড়িত অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *