মুর্শিদাবাদে সামান্য বচসা থেকে রাজমিস্ত্রি খুন, এলাকায় তীব্র উত্তেজনা

মুর্শিদাবাদে সামান্য বচসা থেকে রাজমিস্ত্রি খুন, এলাকায় তীব্র উত্তেজনা

মুর্শিদাবাদের এলাহিগঞ্জ এলাকায় বুধবার সন্ধ্যায় জাহাঙ্গীর শেখ (৩৬) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পেশায় রাজমিস্ত্রি ওই যুবক ইফতারের বাজার সেরে বাড়ি ফেরার পথে নৌকাতেই অভিযুক্তের সঙ্গে সামান্য বিবাদে জড়িয়ে পড়েন। নৌকা থেকে নামার পর পিছন দিক থেকে অতর্কিত হামলায় তিনি গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, নৌকায় ওঠার সময় সাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে মদ্যপ অবস্থায় থাকা অভিযুক্তের সঙ্গে জাহাঙ্গীরের বচসা শুরু হয়েছিল। স্থানীয়দের হস্তক্ষেপে বিবাদ মিটে গেলেও পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে জাহাঙ্গীরের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক থাকলেও তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মুর্শিদাবাদ থানার আইসি রাজা সরকার জানিয়েছেন, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ অভিযুক্তের খোঁজে বিভিন্ন এলাকায় জোরদার তল্লাশি চালাচ্ছে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে রাইটনগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। নিহতের আত্মীয়রা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *