মূক ও বধির ছেলেকে বিষ খাইয়ে নিজেরও আত্মঘাতী হওয়ার পথ বেছে নিলেন মা

মূক ও বধির ছেলেকে বিষ খাইয়ে নিজেরও আত্মঘাতী হওয়ার পথ বেছে নিলেন মা

মুর্শিদাবাদের কান্দি থানার মাধুনিয়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। চরম অভাব আর মানসিক অবসাদ কেড়ে নিল মা ও ছেলের প্রাণ। নিজের মূক ও বধির সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষ পান করে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়া। শুক্রবার এই জোড়া মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম দোলন রায় (৫১) এবং তাঁর পুত্র অভিজিৎ রায় (২৬)। দোলনদেবী অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো রকমে সংসার চালাতেন। ছেলে অভিজিৎ জন্ম থেকেই কথা বলতে বা শুনতে পারতেন না। দীর্ঘদিনের অভাবের সংসারে মা-ছেলের বেঁচে থাকার লড়াইটা ছিল অত্যন্ত কঠিন। প্রতিবেশীদের দাবি, দারিদ্র্যের কারণে গত কয়েক দিন ধরে তাঁরা মারাত্মক মানসিক অবসাদে ভুগছিলেন।

শুক্রবার দুপুরে ঘর থেকে গোঙানির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। তাঁরা তড়িঘড়ি মা ও ছেলেকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা অভিজিৎকে মৃত বলে ঘোষণা করেন। দোলন রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি, কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনিও।

মাধুনিয়া গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, এই পরিবারে আর কেউ নেই। পুলিশি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে গ্রামবাসী ও প্রতিবেশীরাই তাঁদের শেষকৃত্য সম্পন্ন করবেন। ঘটনার নেপথ্যে অভাব ছাড়া অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *