মৃত্যুর ঠিক আগে দফতরে খামেইনি, ইরানি নেতার শেষ ছবি ঘিরে তোলপাড় বিশ্ব

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেইনির জীবনের শেষ মুহূর্তের একটি ছবি প্রকাশ্যে আসায় আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ‘আল মায়াদিন ইংলিশ’ এবং স্থানীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিটি তেহরানে তাঁর নিজস্ব দফতরে বসে থাকা অবস্থায় তোলা। আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহত হওয়ার ঠিক আগমুহূর্তে তিনি সেখানে নিজের দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে মার্কিন ও ইজরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় খামেইনিসহ ইরানের ৪৮ জন শীর্ষ কর্মকর্তা নিহত হন। ‘ফার্স নিউজ এজেন্সি’ জানিয়েছে, ওই হামলায় খামেইনির পরিবারের একাধিক সদস্যও প্রাণ হারিয়েছেন। যুদ্ধের ২৮তম দিনে এসে এই ছবি প্রকাশ পাওয়ায় ইরানজুড়ে শোকের ছায়া আরও ঘনীভূত হয়েছে এবং তাঁর অনুরাগী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আবেগ লক্ষ্য করা যাচ্ছে।
ইজরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল-১২’ এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, খামেইনির মরদেহের ছবি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেখানো হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং এই ছবি প্রকাশ পাওয়ায় আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের অভ্যন্তরে এই ঘটনাকে কেন্দ্র করে শোকের পাশাপাশি প্রতিবাদের আগুনও ক্রমশ তীব্র হচ্ছে।