মৃত ব্যক্তির ব্যবহৃত সামগ্রী কি ব্যবহার করা উচিত? জেনে নিন গরুড় পুরাণের বিধান

প্রিয়জনের মৃত্যুর পর স্মৃতি হিসেবে অনেকে তাঁদের ব্যবহৃত পোশাক, অলঙ্কার বা অন্যান্য জিনিস ব্যবহার শুরু করেন। তবে হিন্দু ধর্মশাস্ত্র গরুড় পুরাণ অনুযায়ী, মৃত ব্যক্তির ব্যক্তিগত সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। শাস্ত্র মতে, মৃত্যুর পর আত্মা তার জাগতিক মোহ ও সম্পর্কের প্রতি আকৃষ্ট থাকে। প্রিয়জনের ব্যবহৃত জিনিস বারবার ব্যবহার করলে বিদেহী আত্মার মায়া কাটাতে সমস্যা হয়, যা তাঁর পারলৌকিক শান্তিতে বাধা সৃষ্টি করতে পারে।
গরুড় পুরাণে মৃত ব্যক্তির পোশাক ব্যবহারের ওপর বিশেষ নিষেধাজ্ঞা রয়েছে। মনে করা হয়, কাপড়ের সঙ্গে ব্যক্তির আবেগ ও শক্তি জড়িয়ে থাকে, যা পরিধানকারীর মনে অস্থিরতা বা নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে। তাই এসব পোশাক গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে দুঃস্থদের দান করার পরামর্শ দেওয়া হয়। একইভাবে ঘড়ি, জুতো বা বিছানাপত্র ব্যবহার করাও অনুচিত বলে গণ্য করা হয়। বিশ্বাস অনুযায়ী, এই নিয়মগুলো অমান্য করলে পরিবারে ‘পিতৃ দোষ’ দেখা দিতে পারে, যার ফলে মানসিক ও আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়।
অলঙ্কারের ক্ষেত্রে বিধান কিছুটা ভিন্ন। যদি কোনো ব্যক্তি জীবিত অবস্থায় কাউকে গয়না উপহার দিয়ে যান, তবে তা ব্যবহার করা যেতে পারে। অন্যথায় মৃত ব্যক্তির অলঙ্কার স্মারক হিসেবে সযত্নে তুলে রাখা বা সংস্কার করে ব্যবহার করাই শ্রেয়। এই শাস্ত্রীয় বিধিনিষেধের একটি মনস্তাত্ত্বিক দিকও রয়েছে। মৃত ব্যক্তির জিনিসপত্রের সংস্পর্শে থাকলে মানুষ শোকাতুর স্মৃতি থেকে বের হতে পারে না। এই নিয়মগুলো মূলত শোক কাটিয়ে জীবনে নতুনভাবে এগিয়ে যেতে এবং বিদেহী আত্মার চিরশান্তি কামনায় পালন করা হয়।