মেক্সিকো উপসাগরে ট্রাম্পের তেল উত্তোলনের স্বপ্নে বাধা বিরল প্রজাতির রাইস হোয়েল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্বালানি নীতি এবার বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। মেক্সিকো উপসাগরে বিপুল তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের পরিকল্পনা নিলেও সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির ‘রাইস হোয়েল’। বিশ্বের অন্যতম বিপন্ন এই তিমির সংখ্যা বর্তমানে ৫০টিরও কম। ২০২১ সালে পৃথক প্রজাতি হিসেবে স্বীকৃতি পাওয়া এই সামুদ্রিক জীবটি মূলত মেক্সিকো উপসাগরের উত্তর-পূর্বাঞ্চলেই বসবাস করে।
প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ডাগ বারগাম তেলের উৎপাদন বৃদ্ধিতে পরিবেশগত আইনি কড়াকড়ি শিথিলের দাবি জানিয়েছেন। তাদের লক্ষ্য প্রায় ১২৭ কোটি একর সামুদ্রিক এলাকায় ড্রিলিং কার্যক্রম শুরু করা। তবে পরিবেশবিদ ও বিজ্ঞানীদের মতে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের যাতায়াত এবং খননকার্যের তীব্র শব্দ দূষণ রাইস হোয়েলদের অস্তিত্বকে চিরতরে মুছে দিতে পারে। দিনের বেলা গভীর সমুদ্রে খাবার খোঁজা এবং রাতে জলস্তরে বিশ্রাম নেওয়া এই তিমির জন্য খনন কার্যক্রম অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এই আইনি জটিলতা কাটাতে মার্কিন প্রশাসন এখন উচ্চপদস্থ ফেডারেল কমিটি ‘গড স্কোয়াড’-এর দ্বারস্থ হয়েছে। এই কমিটির বিশেষ ক্ষমতা রয়েছে নির্দিষ্ট কিছু প্রকল্পের ক্ষেত্রে বিপন্ন প্রজাতি সুরক্ষা আইন থেকে ছাড় দেওয়ার। মূলত ইরান ও কিউবার ওপর জ্বালানি নিষেধাজ্ঞা জারির পর অভ্যন্তরীণ তেলের জোগান বাড়াতে মরিয়া ট্রাম্প প্রশাসন এখন পরিবেশ বনাম উন্নয়নের এই টানাপোড়েনে কোন পথে হাঁটে, সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।