মেদিনীপুরে মাছ নিয়ে জোরদার তরজা, সুজয়ের পালটা বাজারে মাছ বিক্রি বিজেপি প্রার্থীর

মেদিনীপুরে নির্বাচনী লড়াই এবার কার্যত রান্নাঘরে ঢুকে পড়ল। শুক্রবার তৃণমূল প্রার্থী সুজয় হাজরা রাজাবাজারে হাতে রুই মাছ তুলে ‘মাছ খাবে বাঙালি’ স্লোগান দিয়ে প্রচার শুরু করেন। এর পালটা দিতে রবিবার কোতোয়ালি বাজারে মাছ বিক্রি করতে বসেন বিজেপি প্রার্থী তথা শিক্ষক শঙ্কর গুছাইত। চিংড়ি হাতে নিয়ে তিনি দাবি করেন, বিজেপি মাছ বিরোধী নয় এবং তৃণমূল এই নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
আসনটি ধরে রাখতে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা একদিকে যেমন উন্নয়নের খতিয়ান দিচ্ছেন, অন্যদিকে ভিনরাজ্যে বিজেপি শাসিত এলাকায় মাছ বিক্রিতে নিষেধাজ্ঞার প্রসঙ্গ তুলে ধরছেন। তিনি জানান, আমিষ-নিরামিষ নিয়ে বিভাজন বিজেপিই তৈরি করে। পালটা আক্রমণে পদ্ম শিবির দাবি করছে, লড়াইয়ে টিকে থাকতে তৃণমূলের প্রতিটি পদক্ষেপের যোগ্য জবাব দেওয়া হবে। মেদিনীপুরের এই ‘মৎস্য রাজনীতি’ বর্তমানে সাধারণ মানুষের চর্চার কেন্দ্রে উঠে এসেছে।
পরিসংখ্যান অনুযায়ী, বিগত নির্বাচনগুলিতে মেদিনীপুরে ঘাসফুল শিবির সুবিধাজনক অবস্থানে থাকলেও এবার এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি। গত উপনির্বাচনে বড় ব্যবধানে জেতা সুজয়বাবুর বিরুদ্ধে শিক্ষক শঙ্করবাবুকে নামিয়ে জয়ের কৌশল খুঁজছে গেরুয়া বাহিনী। রাজনৈতিক মহলের মতে, স্থানীয়দের আবেগ ও খাদ্যাভ্যাসকে হাতিয়ার করে দুই পক্ষের এই অভিনব প্রচার কর্মসূচি আসলে ভোটারদের নজর কাড়ার এক সুপরিকল্পিত কৌশল।