মেয়ের সামনেই মাকে এলোপাথাড়ি কোপ, কসবায় স্ত্রীর পেটে ছুরি চালিয়ে শ্রীঘরে পাষণ্ড স্বামী
March 29, 20262:29 pm

খাস কলকাতায় সাতসকালে হাড়হিম করা হত্যাকাণ্ড। কসবার বোসপুকুর রোড এলাকায় নিজের কিশোরী মেয়ের চোখের সামনেই স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল স্বামী। মৃত মহিলার নাম স্বপ্না সিং (৪২)। অভিযুক্ত স্বামী বিনোদ সিংকে ইতিমধ্য়েই গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর চারটে নাগাদ বিনোদ ও স্বপ্নার মধ্যে তীব্র বচসা শুরু হয়। বিবাদ চরমে পৌঁছালে আচমকাই ছুরি বের করে স্ত্রীর পেটে একের পর এক কোপ বসাতে থাকে বিনোদ। মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় স্বপ্নাকে উদ্ধার করে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ধৃত বিনোদকে জিজ্ঞাসাবাদ করে পারিবারিক বিবাদের নেপথ্যে থাকা প্রকৃত কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।