মেসি বিতর্কে রাজ্য সরকারকে লিয়েন্ডারের তীব্র আক্রমণ, বাংলায় খেলার পরিকাঠামো নিয়ে বড় প্রশ্ন

বিজেপিতে যোগ দিয়েই ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে কেন্দ্র করে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্কে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ। তাঁর অভিযোগ, বাংলায় আসার পর মেসিকে যেভাবে আপ্যায়ন করা হয়েছে, তাতে আদতে তাঁকে আসাম্মানই করা হয়েছে। লিয়েন্ডারের মতে, এই আয়োজনের দায়িত্ব যদি সৌরভ গঙ্গোপাধ্যায় বা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মতো ক্রীড়াব্যক্তিত্বদের হাতে থাকত, তবে এমন অপ্রীতিকর পরিস্থিতি কখনোই তৈরি হতো না।
রাজনৈতিক আঙিনায় পা রেখে লিয়েন্ডার স্পষ্ট জানান যে, বাংলার ক্রীড়া পরিকাঠামো এবং যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে তিনি যথেষ্ট চিন্তিত। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, “আমি বাংলাকে কোনোভাবেই বৃদ্ধাশ্রম হতে দেব না।” তাঁর প্রধান লক্ষ্য হলো বাংলার যুবকদের কর্মমুখী করে তোলা এবং রাজ্যের ঝিমিয়ে পড়া ক্রীড়া পরিকাঠামোকে ঢেলে সাজানো।
খেলার মাঠ থেকে রাজনীতির ময়দানে নেমেই লিয়েন্ডারের এই আক্রমণাত্মক মেজাজ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের ক্রীড়া প্রশাসন ও অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে তিনি কার্যত পরিবর্তনের ডাক দিয়েছেন। তাঁর মতে, সঠিক পরিকাঠামো ও অভিজ্ঞ মানুষের অভাবই আন্তর্জাতিক মানের ইভেন্টগুলোতে রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
পেশাদার এই ক্রীড়াবিদ অঙ্গীকার করেছেন যে, আগামী দিনে বাংলার মেধাকে রাজ্যেই ধরে রাখতে এবং খেলাধুলার মানোন্নয়নে তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন। কর্মসংস্থান এবং আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রের ওপর জোর দিয়ে বাংলার হৃত গৌরব পুনরুদ্ধারই এখন লিয়েন্ডারের প্রধান লক্ষ্য। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমতেই রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে।