মে মাসেই কার্যকর হতে পারে মহিলা সংরক্ষণ বিল: সংসদীয় সমীকরণে বড় সিদ্ধান্ত

লোকসভা ও বিধানসভায় ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর করার পথে বড়সড় বাধার মুখে কেন্দ্র। পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের আসন্ন নির্বাচনের আগে তড়িঘড়ি সংবিধান সংশোধনী বিল আনার পরিকল্পনা থাকলেও সংসদের প্রয়োজনীয় সদস্য সংখ্যার অভাবে আপাতত সেই উদ্যোগ ভেস্তে গিয়েছে। বর্তমান বাজেট অধিবেশনে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সাংসদের উপস্থিতি নিশ্চিত না হওয়ায় আগামী ২ এপ্রিল পর্যন্ত বিলটি পেশ করা সম্ভব হচ্ছে না বলে জানা গিয়েছে।
সংরক্ষিত আসন নির্ধারণের ক্ষেত্রে লটারি পদ্ধতি অবলম্বনের ভাবনা রয়েছে সরকারের। এক্ষেত্রে জোড় বা বিজোড় সংখ্যার ভিত্তিতে কেন্দ্র নির্বাচন করা হবে। তফশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত আসনগুলোর মধ্যেই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা থাকবে। তবে দ্রুত ডিলিমিটেশন কমিশন গঠনের লক্ষে মে মাসে দুই দিনের বিশেষ অধিবেশন ডেকে এই সংশোধনী বিলটি চূড়ান্ত করার নতুন পরিকল্পনা গ্রহণ করেছে মোদি সরকার।
এদিকে, এই বিল নিয়ে বিরোধীদের সমর্থন আদায়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা বৈঠকে তৃণমূল, কংগ্রেস ও সমাজবাদী পার্টির মতো প্রধান দলগুলো সাড়া দেয়নি। উল্লেখ্য, ২০২৩ সালে পাস হওয়া ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ ২০২৯ সালে কার্যকরের কথা থাকলেও, এখন ২০১১ সালের সেন্সাসকে ভিত্তি করে তা দ্রুত কার্যকর করতে চাইছে সরকার। বিরোধীরা সরকারের এই অবস্থান পরিবর্তনকে কটাক্ষ করলেও মে মাসের বিশেষ অধিবেশনের দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।