মে মাসের শুরুতেই মাধ্যমিকের ফলাফল? জেনে নিন রেজাল্ট দেখার পদ্ধতি ও বিস্তারিত তথ্য
রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর। গত ১২ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ফলাফল নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ ফলাফল প্রকাশ করে থাকে। এ বছর পর্ষদ সভাপতি নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না করলেও সংশ্লিষ্ট সূত্রের খবর, মে মাসের ৪ তারিখ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফলাফল।
চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,৭১,৩৪০ জন। পরিসংখ্যানে দেখা গিয়েছে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। ৪,২৬,৭৩৩ জন ছাত্রের বিপরীতে এবার পরীক্ষা দিয়েছে ৫,৪৪,৬০৬ জন ছাত্রী। রাজ্যজুড়ে মোট ২৬৮২ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। খাতা মূল্যায়নের জন্য পর্ষদের তত্ত্বাবধানে ১৩৭৬ জন প্রধান পরীক্ষক এবং প্রায় ৫২ হাজার পরীক্ষক দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন।
পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন মূলত পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in-এর মাধ্যমে। রেজাল্ট দেখতে পরীক্ষার্থীদের নিজস্ব রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ ব্যবহার করে লগইন করতে হবে। ওয়েবসাইট ছাড়াও নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমেও দ্রুত ফলাফল দেখার ব্যবস্থা থাকছে। ৯০ দিনের সময়সীমা বজায় রাখতে পর্ষদ এখন থেকেই যুদ্ধের তৎপরতায় কাজ শুরু করেছে।
উল্লেখ্য, আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিকের পাঠ্যক্রমে বড়সড় রদবদল আসতে চলেছে। পর্ষদ সূত্রে খবর, বাংলা এবং বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির সিলেবাসে পরিবর্তন আনার পরিকল্পনা করা হয়েছে। এই সংশোধিত সিলেবাস সম্পূর্ণ কার্যকর হতে পারে ২০২৭ সালে। নির্বাচনের ডামাডোল কাটিয়ে নির্ধারিত সময়েই মে মাসে ফল প্রকাশের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ।