মোজতবা খামেনেই কি নিখোঁজ? সিআইএ ও মোসাদের নিশানায় ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের বর্তমান অবস্থান নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। গত ৯ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁকে প্রকাশ্যে না দেখায় তাঁর বেঁচে থাকা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইজরায়েলি সংস্থা মোসাদ নিরবচ্ছিন্নভাবে তাঁর খোঁজ চালিয়ে যাচ্ছে। যদিও ইরানের সরকারি সংবাদমাধ্যম তাঁর বার্তা প্রচার করছে, তবে সেই তথ্যের সত্যতা নিয়ে সন্দিহান আন্তর্জাতিক মহল।
গোয়েন্দা সূত্রের দাবি, মোজতবা জীবিত থাকলেও ইরানের প্রশাসনিক ক্ষমতা বর্তমানে দেশটির রেভোলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি-র নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে শোনা গিয়েছিল যে, ইজরায়েলি হামলায় তিনি গুরুতর আহত হয়ে রাশিয়ায় চিকিৎসাধীন, যদিও মস্কো এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। নওরোজ উৎসবেও তিনি জনসমক্ষে না আসায় জল্পনা আরও তীব্র হয়েছে।
সাম্প্রতিক এক টেলিগ্রাম বার্তায় মোজতবার ছবি প্রকাশিত হলেও সেটি বর্তমান সময়ের কি না, তা খতিয়ে দেখছে সিআইএ। ইজরায়েলি প্রশাসনের মতে, সর্বোচ্চ নেতাকে আইআরজিসি কার্যত নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। দীর্ঘ সামরিক অভিযানের চার সপ্তাহ পেরিয়ে গেলেও মোজতবার প্রকৃত অবস্থা ও অবস্থান নিয়ে ধোঁয়াশা কাটেনি, যা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।