মোথাবাড়িকাণ্ডে মুখ্যসচিবকে সুপ্রিম ভর্ৎসনা, এনআইএ তদন্তের নির্দেশ শীর্ষ আদালতের

মোথাবাড়িকাণ্ডে মুখ্যসচিবকে সুপ্রিম ভর্ৎসনা, এনআইএ তদন্তের নির্দেশ শীর্ষ আদালতের

মালদহের মোথাবাড়িতে বিচারকদের ঘেরাও ও বিক্ষোভের ঘটনায় রাজ্য প্রশাসনের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। সোমবারের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্থানীয় পুলিশ নয়, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ প্রয়োগ করে আদালত নির্দেশ দিয়েছে যে, মোথাবাড়িকাণ্ড সংক্রান্ত সমস্ত এফআইআর, নথি এবং ধৃতদের দ্রুত এনআইএ-র হাতে তুলে দিতে হবে। তদন্তের অগ্রগতি সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট চার্জশিট পেশের আগে শীর্ষ আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানি চলাকালীন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালার আচরণ ও দায়িত্ববোধ নিয়ে কঠোর মন্তব্য করেন বিচারপতিরা। ঘটনার দিন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ফোন না ধরায় মুখ্যসচিবকে ভর্ৎসনা করে আদালত প্রশ্ন তোলে, “আপনার সমস্যা কী? আপনি কি প্রধান বিচারপতির ফোনও ধরেন না?” জবাবে মুখ্যসচিব দিল্লিতে বৈঠকে থাকা এবং বিমানে থাকার অজুহাত দিলেও তা গ্রাহ্য করেনি আদালত। বিচারপতি জয়মাল্য বাগচী তাঁকে পরামর্শ দেন, “নিরাপত্তার খাতিরে সাধারণ মানুষের থেকে এতটাও দূরত্ব তৈরি করবেন না যাতে প্রধান বিচারপতিও যোগাযোগ করতে না পারেন। আমাদের কাছে নয়, বরং হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে গিয়ে ক্ষমা চান।”

গত বুধবার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে মালদহের মোথাবাড়ি ও সুজাপুর এলাকা। সে সময় কালিয়াচক-২ ব্লক অফিসের ভেতরে সাত জন বিচারককে দীর্ঘক্ষণ আটকে রাখে উত্তেজিত জনতা। এই প্রশাসনিক ব্যর্থতার প্রসঙ্গ তুলে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “আপনাদের যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণেই নির্বাচন কমিশন কিছু করতে পারেনি। এই যোগাযোগের ঘাটতিই রাজ্যে অশান্তির মূল কারণ।”

মালদহ কাণ্ডে এ পর্যন্ত ১২টি এফআইআর দায়ের হয়েছে এবং ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের নজরে রয়েছেন চার শতাধিক ব্যক্তি। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে, স্থানীয় পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় স্বচ্ছ তদন্তের স্বার্থে কেন্দ্রীয় সংস্থাই এই মামলার ভার নেবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের আমলাতন্ত্রের অনড় মনোভাব নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে শীর্ষ আদালত। তদন্তে পুলিশকে এনআইএ-র সঙ্গে পূর্ণ সহযোগিতার নির্দেশ দিয়ে বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার বার্তা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *