মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টে এনআইএ-র রিপোর্ট পেশ ও মুখ্যসচিব-ডিজির ভার্চুয়াল হাজিরা

মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টে এনআইএ-র রিপোর্ট পেশ ও মুখ্যসচিব-ডিজির ভার্চুয়াল হাজিরা

মালদহের মোথাবাড়ি তথা কালিয়াচকের সাম্প্রতিক অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর মোড়। শীর্ষ আদালতের নির্দেশ মেনে সোমবার ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। রিপোর্ট পেশের আগে দিল্লির সদর দপ্তরে উচ্চপর্যায়ের এক বিশেষ বৈঠক সেরে নেন আধিকারিকরা। অন্যদিকে, আদালতের তলবে সাড়া দিয়ে এদিন ভার্চুয়ালি হাজিরা দেন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। উপস্থিত ছিলেন মালদহের জেলাশাসক ও জেলা পুলিশ সুপারও।

গত পয়লা এপ্রিল ভোটার তালিকায় নাম না ওঠাকে কেন্দ্র করে কালিয়াচকের পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অভিযোগ, এসআইআরের কাজে যাওয়া বিচারকদের ওপর জনরোষ আছড়ে পড়লে চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা কালিয়াচক-২ বিডিও অফিসে দীর্ঘক্ষণ সাতজন জুডিশিয়াল অফিসারকে আটকে রাখেন, যার মধ্যে তিনজন মহিলা বিচারকও ছিলেন। গভীর রাতে বিশাল পুলিশবাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করলেও এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্ক শুরু হয়।

বিচারক হেনস্তার এই ঘটনা শীর্ষ আদালতের নজরে এলে সুপ্রিম কোর্ট কড়া অবস্থান নেয়। তদন্তের ভার এনআইএ-র হাতে তুলে দেওয়ার পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি এবং মালদহের জেলা প্রশাসনকে শোকজ নোটিস পাঠানো হয়। সোমবার আদালতে মামলার সওয়াল-জবাব চলাকালীন এনআইএ-র রিপোর্ট এবং প্রশাসনের অবস্থান খতিয়ে দেখছেন বিচারপতিরা। কালিয়াচকের ঘটনায় প্রশাসনিক গাফিলতি ছিল কি না, এখন সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *