মোদির এক ফোনেই কি থামবে যুদ্ধ? ইরানকে শান্তির বার্তা দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে ভারত

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের মেঘ সরাতে এবার সরাসরি ময়দানে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইরানসহ বিশ্বের একাধিক শক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে লাগাতার আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টায় ভারত। সাম্প্রতিক পরিস্থিতির অবনতি দেখে রীতিমতো উদ্বিগ্ন নয়াদিল্লি। প্রধানমন্ত্রী মোদি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে স্পষ্ট জানিয়েছেন যে, সাধারণ নাগরিক বা গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এই সংঘাতের জেরে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে হরমোজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ভারত চরম সতর্ক, কারণ বিশ্বের সিংহভাগ অপরিশোধিত তেল এই পথ দিয়েই যাতায়াত করে। আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে এই সামুদ্রিক পথ নিরাপদ রাখা জরুরি বলে মনে করছে বিদেশ মন্ত্রক। এর পাশাপাশি ইরানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে তেহরানের থেকে বিশেষ আশ্বাস পেয়েছে মোদি সরকার। একদিকে শান্তি রক্ষা আর অন্যদিকে ভারতের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত রাখা— এই দুই লক্ষ্যেই এখন কূটনৈতির লড়াই চালাচ্ছে দিল্লি।