মোদীকে সামনাসামনি বিতর্কের খোলা চ্যালেঞ্জ মমতার, পদত্যাগ চাইলেন প্রধানমন্ত্রীর

মালদার হবিবপুরের নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রধানমন্ত্রীর যদি হিম্মত থাকে তবে একই মঞ্চে এসে মুখোমুখি বিতর্কে বসুন। মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রী আগে থেকে লেখা ভাষণ দেখে বক্তব্য রাখেন এবং টেলিপম্পটার ছাড়া একটি কথা বলারও ক্ষমতা তাঁর নেই। মোদীর মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছেন।
ভোটার তালিকায় নাম বাদ দেওয়া এবং অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। মালদার একটি আসন বিজেপি জেতার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, যদি এখানকার ভোটাররা অনুপ্রবেশকারীই হন, তবে তাঁদের ভোটে জিতে কেন মোদী স্বপদে বহাল আছেন? একইভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও আক্রমণ করে তিনি বলেন, বাংলার বদলে তাঁর উচিত আগে মণিপুরের পরিস্থিতির দিকে নজর দেওয়া।
বিজেপিকে ‘৪২০’ বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এই দল সিপিএমের চেয়েও বেশি ভয়ঙ্কর। তাঁর দাবি, একসময়ের সিপিএমের ‘হার্মাদ’রাই এখন বিজেপির ‘জল্লাদে’ পরিণত হয়েছে। সাধারণ মানুষকে এনআরসি বা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছেন তিনি। আগামী দু-দিনের মধ্যে অনলাইনে ফর্ম পূরণ করে ট্রাইব্যুনালের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন এবং তৃণমূল কর্মীদের সাধারণ মানুষকে আইনি সহায়তা দেওয়ার কথাও জানান।
নির্বাচনী জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো কর্মীদের উদ্দেশে বার্তা দেন, সাধারণ জীবনযাপনই রাজনীতির ধর্ম হওয়া উচিত। যাঁরা প্রতিকূল পরিস্থিতিতে পালিয়ে যান না, তাঁদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি কর্মীদের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান। বিরোধী দলগুলোর অতীত অত্যাচারের কথা মনে করিয়ে দিয়ে তিনি তৃণমূল কর্মীদের সংহতি বজায় রাখার নির্দেশ দেন।
মালদার মাটিতে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও কংগ্রেসকে একযোগে আক্রমণ করে বলেন, এর আগে এখানকার আসনগুলি এই দলগুলো পেলেও মানুষের প্রকৃত উন্নয়ন হয়নি। বহিরাগতদের ভোটার করার ষড়যন্ত্র রুখতে আসন্ন নির্বাচনে বিজেপিকে ‘বেলাইন’ করে সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার ডাক দেন তিনি। আগামী নির্বাচনে বিজেপিকে শিক্ষা দিতে এই লড়াইয়ে তিনি ‘একাই ১০০’ বলে ঘোষণা করেন।