যমদূত বুনো শুয়োরের সামনে বুক চিতিয়ে দাঁড়াল ‘ভুলি’, নিজের রক্ত দিয়ে বাঁচাল ৬ বছরের শিশুর প্রাণ
March 24, 20267:45 am

আলিপুরদুয়ারের পূর্ব মাদারিহাটে এক রুদ্ধশ্বাস বীরত্বের সাক্ষী থাকল এলাকাবাসী। জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া এই গ্রামে ৬ বছরের এক শিশুকে একা পেয়ে তেড়ে আসে একটি হিংস্র বুনো শুয়োর। ঠিক সেই মুহূর্তে দেবদূতের মতো হাজির হয় পাড়ার প্রিয় সারমেয় ‘ভুলি’।
শিশুটিকে বাঁচাতে নিজের জীবনের তোয়াক্কা না করে বুনো শুয়োরের সঙ্গে মরণপণ লড়াই শুরু করে সে। লড়াইয়ের এক পর্যায়ে শুয়োরের দাঁত ভুলির পেট ফুঁড়ে দিলেও দমে যায়নি এই সাহসী যোদ্ধা। রক্তাক্ত অবস্থায় লড়াই চালিয়ে গিয়ে শেষ পর্যন্ত শিশুটিকে সুরক্ষিত রাখে সে। কুকুরের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে শুয়োরটি পালিয়ে যায়। বর্তমানে গুরুতর জখম ভুলির চিকিৎসা চলছে। পরিবেশপ্রেমী থেকে শুরু করে গ্রামবাসী— সকলের মুখে এখন একটাই নাম, ‘ভুলি’।