যাদবপুরে মঙ্গল শোভাযাত্রার থিম ‘বাঙালির সংকট’: শিকলবন্দি উদ্বাস্তু মডেল ঘিরে তুঙ্গে বিতর্ক

বাংলা নববর্ষ উপলক্ষে যাদবপুরে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার এবারের মূল ভাবনা ‘বাংলা ও বাঙালির সংকট’। ২০১৭ সাল থেকে গাঙ্গুলিবাগান ও যাদবপুর এলাকায় অনুষ্ঠিত এই শোভাযাত্রাটি এবার রাজ্যের ১৪টি স্থানে আয়োজিত হবে। এসআইআর ও এনআরসি-র মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া এবং নাগরিকত্ব ইস্যুকে শিল্পের মাধ্যমে তুলে ধরাই উদ্যোক্তাদের প্রধান লক্ষ্য।
শোভাযাত্রায় ট্র্যাডিশনাল ঐতিহ্যের পাশাপাশি স্থান পাচ্ছে প্রতিবাদের নানা চিত্র। বিশেষ করে উদ্বাস্তু নারীর হাতে-পায়ে শিকল পরা মডেল এবং ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার বিষয়টি ফুটিয়ে তুলছেন শিল্পীরা। এছাড়া বাঙালির খাদ্যাভ্যাসে হস্তক্ষেপের প্রতিবাদে বড় মাছের মডেলও প্রদর্শিত হবে। মূলত বাঙালিত্বের উপর আসা আঘাতের বিরুদ্ধেই এই শৈল্পিক প্রতিবাদ।
নির্বাচনের প্রাক্কালে এই আয়োজনে রাজনীতির ছায়া দেখছেন অনেকে। তবে উদ্যোক্তাদের দাবি, এটি কোনো ভোট প্রচার নয়, বরং বর্তমান পরিস্থিতিতে কোণঠাসা হতে থাকা বাঙালির সংস্কৃতি ও অধিকার রক্ষার লড়াই। কাউকে ভোট দেওয়ার আবেদন নয়, বরং বাঙালির ভাষা ও আহারের স্বকীয়তা বজায় রাখাই এই মঙ্গল শোভাযাত্রার মূল বার্তা।