যুদ্ধবিদ্ধস্ত মধ্যপ্রাচ্য: বাতিল হলো মেসি-ইয়ামালের বহুপ্রতীক্ষিত ফিনালিসিমা

মধ্যপ্রাচ্যের অস্থির রাজনৈতিক পরিস্থিতি ও যুদ্ধের কালো মেঘে থমকে গেল ফুটবল। আগামী ২৭ মার্চ কাতারে অনুষ্ঠিতব্য ইউরো জয়ী স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যকার হাই-ভোল্টেজ ‘ফিনালিসিমা’ ম্যাচটি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করেছে উয়েফা। আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের জেরে নিরাপত্তা জনিত কারণেই এই মেগা লড়াই স্থগিত করা হয়েছে।
ম্যাচটি আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু বা দুই লেগে হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলার প্রস্তাব উঠেছিল। তবে সূচি এবং আসন বণ্টন নিয়ে আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল সংস্থার মধ্যে ঐক্যমত্য না হওয়ায় শেষ পর্যন্ত আলোচনার পথ বন্ধ হয়ে যায়। বিশ্বকাপের আগে নতুন কোনো তারিখ নির্ধারণে দুই পক্ষ একমত হতে না পারায় উয়েফা ম্যাচটি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
ফুটবল বিশ্বের নজর ছিল লিওনেল মেসি ও উদীয়মান তারকা লামিনে ইয়ামালের দ্বৈরথের দিকে। বার্সেলোনার দুই প্রজন্মের এই জাদুকরকে একই মাঠে দেখার দীর্ঘ প্রতীক্ষা এই বাতিলের ফলে অনিশ্চয়তার মুখে পড়ল। আসন্ন বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলে মেসির ভবিষ্যৎ নিয়ে সংশয় থাকায়, এই ঐতিহাসিক মুহূর্তটি ফুটবলপ্রেমীরা সম্ভবত আর কখনোই দেখার সুযোগ পাবেন না।