যুদ্ধের আবহে স্বস্তি! পেট্রোকেমিক্যাল পণ্যের আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করল কেন্দ্র

যুদ্ধের আবহে স্বস্তি! পেট্রোকেমিক্যাল পণ্যের আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করল কেন্দ্র

আন্তর্জাতিক বাজারে আমেরিকা, ইজরায়েল ও ইরানের সংঘাতের জেরে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। পেট্রল ও ডিজেলের ওপর শুল্ক কমানোর রেশ কাটতে না কাটতেই এবার অন্তত ৪০টি পেট্রোকেমিক্যাল পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক বা কাস্টমস ডিউটি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আপাতত আগামী ৩০ জুন পর্যন্ত এই শুল্ক মকুবের সুবিধা বজায় থাকবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী উপস্থিত ছিলেন। মূলত যুদ্ধকালীন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা থেকে দেশীয় শিল্পকে রক্ষা করতে এবং কাঁচামালের সরবরাহ স্বাভাবিক রাখতেই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত সপ্তাহেই কেন্দ্র পেট্রল ও ডিজেলের লিটার প্রতি ১০ টাকা করে অন্তঃশুল্ক কমিয়েছিল, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।

কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে প্লাস্টিক, বস্ত্র এবং ফার্মাসিউটিক্যালের মতো একাধিক গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্র বিশেষভাবে উপকৃত হবে। পেট্রোকেমিক্যাল বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রধান কাঁচামাল হওয়ায় উৎপাদন ব্যয় হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও বিশেষজ্ঞদের একাংশের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বজায় থাকায় সাধারণ মানুষের ওপর এর সরাসরি ইতিবাচক প্রভাব পড়তে কিছুটা সময় লাগতে পারে। তবুও বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাজারে পণ্যের জোগান ও স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *