যুদ্ধের জেরে কলকাতায় সিএনজির সংকট, একলাফে ৫ টাকা বাড়ল অটোর গ্যাসের দাম

যুদ্ধ পরিস্থিতির প্রভাবে কলকাতায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে গণপরিবহন ব্যবস্থায়। বুধবার ভোররাত থেকেই শহরের বিভিন্ন পাম্পে সিএনজি গ্যাসের জন্য অটোচালকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। রাতারাতি প্রতি লিটার গ্যাসের দাম ৫৭.৬৮ টাকা থেকে বেড়ে ৬২.৬৮ টাকা হওয়ায় চালকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত গ্যাস মিলছে না বলে অভিযোগ উঠেছে।
গ্যাসের এই বর্ধিত মূল্য সামাল দিতে তড়িঘড়ি অটোর ভাড়া বাড়ানো হয়েছে। চিংড়িহাটা থেকে এসডিএফ রুটে ভাড়া ১৫ টাকা থেকে বেড়ে ১৮ টাকা হয়েছে। এছাড়া গড়িয়া, বারুইপুর ও সোনারপুর রুটেও ভাড়া বৃদ্ধির খবর পাওয়া গেছে। অটোচালক সংগঠনগুলোর দাবি, গ্যাসের দাম না কমলে প্রতিটি রুটে ভাড়া আরও ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়তে পারে, অন্যথায় পরিষেবা সচল রাখা আসাম্ভব হয়ে পড়বে।
জ্বালানির এই টানাপোড়েনে সাধারণ মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়। শুধু যাতায়াত নয়, বাণিজ্যিক গ্যাসের সংকটে পার্ক স্ট্রিট থেকে ডেকার্স লেনের রেস্তরাঁ ও পাইস হোটেলগুলোও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এমনকি সাধারণ গৃহস্থের রান্নাঘরেও সময়মতো গ্যাস না পৌঁছানোয় দুশ্চিন্তা বাড়ছে। সব মিলিয়ে আন্তর্জাতিক যুদ্ধের আঁচ এখন কলকাতার সাধারণ মানুষের পকেটে এবং দৈনন্দিন জীবনযাত্রায় স্পষ্ট অনুভূত হচ্ছে।