যুদ্ধ আবহেও কি মহার্ঘ হবে না তেল ও গ্যাস? দেশবাসীকে আশ্বস্ত করে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী

পশ্চিম এশিয়ায় চরম যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংসদে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানান, আন্তর্জাতিক মহলে অস্থিরতা থাকলেও দেশের আমজনতার জন্য রান্নার গ্যাস, পেট্রল এবং ডিজেলের জোগান স্বাভাবিক রাখতে কেন্দ্র আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।
ভারতের অর্থনীতির চাকা সচল রাখতে জ্বালানির গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রী জানান, আরব দুনিয়ার দেশগুলোর সঙ্গে ভারত নিরন্তর যোগাযোগ রক্ষা করছে যাতে খনিজ তেল ও গ্যাসের সরবরাহ কোনোভাবেই ব্যাহত না হয়। উল্লেখ্য, ভারত তার রান্নার গ্যাসের চাহিদার প্রায় ৬০ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল। এই অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে মোদী বলেন, “আমাদের লক্ষ্য সাধারণ মধ্যবিত্তের ভোগান্তি কমানো এবং অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে ঘরোয়া চাহিদাকে অগ্রাধিকার দেওয়া।”
জ্বালানির পাশাপাশি বিদেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়েও মুখ খোলেন প্রধানমন্ত্রী। হরমুজ প্রণালীতে আটকে থাকা ভারতীয় জাহাজগুলিকে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে তিনি জানান। এছাড়া যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে ইতিমত্যে ৩ লক্ষেরও বেশি ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে। মোদী আশ্বস্ত করেছেন যে, সংশ্লিষ্ট দেশগুলির শীর্ষ নেতৃত্ব সেখানে থাকা ভারতীয়দের পূর্ণ নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন।