যুদ্ধ ও তেলের দামের প্রভাবে এবার থালায় টান মধ্যবিত্তের, পকেটে ধাক্কা দিয়ে খাবার অর্ডারের খরচ বাড়াল জোম্যাটো

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ল আপনার খাবারের পাতে। আন্তর্জাতিক অস্থিরতার জেরে দেশে জ্বালানি সংকট তৈরি হওয়ায় ব্যবসায়িক ভারসাম্য বজায় রাখতে প্ল্যাটফর্ম ফি একধাক্কায় অনেকটা বাড়িয়েছে জোম্যাটো। এখন থেকে প্রতি অর্ডারে গ্রাহকদের ১৪ টাকা ৯০ পয়সা করে অতিরিক্ত ফি গুনতে হবে, যা আগে ছিল ১২ টাকা ৫০ পয়সা। এই সিদ্ধান্তের ফলে জনপ্রিয় এই অ্যাপে খাবার অর্ডার করা এখন সাধারণ মানুষের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠল।
প্রতিদ্বন্দ্বী সংস্থা সুইগির সাথে পাল্লা দিয়ে জোম্যাটো এই মূল্যবৃদ্ধি করলেও বাজারে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে র্যাপিডো। বেঙ্গালুরুতে তাদের নতুন ফুড ডেলিভারি পরিষেবা ‘ওনলি’ কোনো অতিরিক্ত প্ল্যাটফর্ম ফি ছাড়াই খাবার পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে। একদিকে যুদ্ধের কারণে রেস্তোরাঁ খরচ বৃদ্ধি এবং অন্যদিকে বড় সংস্থাগুলোর ফি বাড়ানোর প্রতিযোগিতায় গ্রাহকদের নাভিশ্বাস উঠছে। ফলে অনলাইনে প্রিয় খাবারটি অর্ডার করার আগে এখন থেকে পকেটের হিসেব কষতে হবে সাধারণ ব্যবহারকারীদের।