যুদ্ধ থামান মোদী! ইরান প্রেসিডেন্টের জরুরি ফোনে তোলপাড় বিশ্ব

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ সরাতে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শরণাপন্ন হলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। শনিবার এক জরুরি টেলিফোন কথোপকথনে তিনি মোদীকে অনুরোধ করেন, ব্রিকসের প্রভাবশালী সদস্য হিসেবে ভারত যেন আমেরিকা ও ইজরায়েলের আক্রমণাত্মক মনোভাব রুখতে সক্রিয় ভূমিকা নেয়। মোদীও পালটা উদ্বেগ প্রকাশ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
দুই নেতার এই আলোচনায় উঠে এসেছে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর প্রস্তাব। পজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। একইসঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকার দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে তিনি জানান, সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইর ফতোয়া অনুযায়ী পরমাণু অস্ত্র তৈরি ইরানের নীতির পরিপন্থী। বর্তমানে ১০ সদস্যের শক্তিশালী ব্রিকস গোষ্ঠীতে ভারতের ক্রমবর্ধমান কূটনৈতিক গুরুত্বকে কাজে লাগিয়েই ইরান এই শান্তি উদ্যোগের প্রত্যাশা করছে।