যুদ্ধ পরিস্থিতিতে দেশে তীব্র গ্যাস সংকট মোদি সরকারের হঠকারী পরিকল্পনার জেরেই দাবি মমতার

যুদ্ধ পরিস্থিতিতে দেশে তীব্র গ্যাস সংকট মোদি সরকারের হঠকারী পরিকল্পনার জেরেই দাবি মমতার

দেশে তৈরি হওয়া তীব্র গ্যাস সংকটের জন্য সরাসরি মোদি সরকারকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে পর্যাপ্ত মজুতের আশ্বাস, অন্যদিকে ৩০ দিনের আগে বুকিং না নেওয়া এবং বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি বন্ধ— কেন্দ্রের এই স্ববিরোধী নীতির জেরে আমজনতার চূড়ান্ত হয়রানি নিয়ে বুধবার সরব হন তিনি। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে কেন আগেভাগে ‘বাফার স্টক’ তৈরি রাখা হলো না, সেই প্রশ্ন তুলে দিল্লির দরবারে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।

বুধবার নবান্নে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের ভোগান্তির খবর আসার পরই কড়া প্রতিক্রিয়া দেন মমতা। তিনি বলেন, “গ্যাস সরবরাহ সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের পেট্রলিয়াম মন্ত্রকের এক্তিয়ারভুক্ত। অথচ তারা হঠাৎ ঘোষণা করে দিল ২৫ দিনে একটার বেশি গ্যাস পাওয়া যাবে না। যুদ্ধ চলছে জেনেও কেন আগে পরিকল্পনা নেওয়া হয়নি?” কেন্দ্রের এই পদক্ষেপকে ‘জনবিরোধী’ আখ্যা দিয়ে তিনি জানান, পর্যাপ্ত সতর্কতা ছাড়া এমন সিদ্ধান্তে মজুতদাররা অনৈতিক সুযোগ নেওয়ার সুবিধা পেয়ে যাচ্ছে। অত্যাবশ্যকীয় পণ্য আইনের মাধ্যমে কঠোর নিয়ন্ত্রণ জারি করা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী এদিন বিকেলেই আলিপুরের সৌজন্য সভাগৃহে পদস্থ আধিকারিক ও কেন্দ্রীয় তেল সংস্থাগুলির প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠক করেন। মজুতদারি রুখতে রাজ্য স্তরে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও শিল্পসচিব বন্দনা যাদবকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি জেলায় নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছেন মমতা। সংকট সামাল দিতে রাজ্য সরকার দ্রুত এসওপি (SOP) জারি করবে বলেও ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসে পরিস্থিতির সর্বশেষ আপডেট নেবেন মুখ্যমন্ত্রী।

=

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *