যুদ্ধ পরিস্থিতিতে বন্ধ বিমান পরিষেবা, কলকাতায় আটকা পড়লেন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা

যুদ্ধ পরিস্থিতিতে বন্ধ বিমান পরিষেবা, কলকাতায় আটকা পড়লেন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আকাশসীমা বন্ধ হওয়ায় বড়সড় বিপাকে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরও গত কয়েক দিন ধরে দুই দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা কলকাতায় আটকে রয়েছেন। সুপার এইটে ভারতের কাছে পরাজিত হয়ে বিদায় নেওয়ার পর বাড়ি ফেরার কথা থাকলেও, উড়ান বাতিলের জেরে ক্রিকেটারদের সফর অনিশ্চিত হয়ে পড়েছে।

জানা গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের ১২ জন ক্রিকেটার ও ১০ জন সাপোর্ট স্টাফ এবং দক্ষিণ আফ্রিকার ১২ জন ক্রিকেটার ও ২ জন সদস্য বর্তমানে শহরে অবস্থান করছেন। মঙ্গলবার তাঁদের জন্য একটি বিশেষ চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হলেও শেষ মুহূর্তে আকাশসীমা ব্যবহারের অনুমতি না মেলায় সেটি বাতিল করতে হয়। এর ফলে গত ৮ মার্চ টুর্নামেন্ট শেষ হওয়ার পরও প্রোটিয়া ও ক্যারিবিয়ান দলটির দেশে ফেরা সম্ভব হয়নি।

পরিস্থিতি মোকাবিলায় আইসিসি, বিসিসিআই এবং সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলো নিরন্তর আলোচনা চালিয়ে যাচ্ছে। বিকল্প রুট বা চার্টার্ড বিমানের মাধ্যমে দ্রুত ক্রিকেটারদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝে আকাশসীমার ছাড়পত্র পাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপাতত নিরাপদ যাতায়াতের সবুজ সংকেতের অপেক্ষায় প্রহর গুনছেন দুই শিবিরের সদস্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *