যুদ্ধ যখন আশীর্বাদ হয়ে নামে! দুবাইয়ের কঠিন ভিসা পাওয়ার অবিশ্বাস্য গল্প

ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যের ভিসা নীতিতে বড়সড় রদবদল লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর হঠাৎ করেই অনেক পাকিস্তানি নাগরিক দুবাই ও আবুধাবির ভিসা পেতে শুরু করেছেন। গত এক বছর ধরে যারা চেষ্টার পরও ভিসা পাননি, যুদ্ধের আবহে নিয়ম শিথিল হওয়ায় মাত্র দু-তিন দিনেই তাদের হাতে পৌঁছাচ্ছে কাঙ্ক্ষিত পারমিট।
দুবাইয়ে গাড়ির ব্যবসা বা আবাসন খাতে বিনিয়োগের জন্য এই অস্থির সময়কেই অনেকে ‘গোল্ডন চান্স’ হিসেবে দেখছেন। যুদ্ধের আশঙ্কায় অনেক ক্ষেত্রে সম্পত্তির দাম ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমে গেছে, যা ব্যবসায়ীদের জন্য বড় বিনিয়োগের সুযোগ তৈরি করেছে। বিশেষ করে টেকনিক্যাল কাজ জানা ব্যক্তি এবং বড় পুঁজির মালিকরা এখন দুবাইমুখী হচ্ছেন। কর্মসংস্থানের খোঁজে যাওয়া তরুণদের মতে, পাকিস্তানে সামান্য বেতনের চেয়ে দুবাইয়ে কায়িক শ্রমেও অনেক বেশি আয় করা সম্ভব। পরিস্থিতি স্বাভাবিক হলে বাজার আবার চাঙ্গা হবে—এই আশাতেই বুক বাঁধছেন প্রবাসীরা।