যুবসাথীর টাকা সরাসরি ঢুকছে অ্যাকাউন্টে, আপনি কি পেয়েছেন আপনার পাওনা

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর নিয়ে এল নবান্ন। প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার ও মঙ্গলবার দফায় দফায় যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা ক্রেডিট করা হয়েছে। বিশেষ করে যারা অনলাইনে আবেদন জানিয়েছিলেন, তাদের নথিপত্র দ্রুত যাচাই হওয়ায় অ্যাকাউন্টে আগে টাকা পৌঁছেছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই অনেক উপভোক্তা অর্থ পাওয়ার প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
অফলাইনে আবেদনকারীদের সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় বর্তমানে ডেটা এন্ট্রির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। এই প্রক্রিয়ার কারণে অফলাইন আবেদনকারীদের ক্ষেত্রে কিছুটা সময় লাগলেও কাজ শেষ হওয়া মাত্রই পর্যায়ক্রমে সবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন। নবান্নের এই পদক্ষেপে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলায় আশার আলো দেখছেন রাজ্যের হাজার হাজার নথিভুক্ত আবেদনকারী।