যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে বিপত্তি: এসএমএস এলেও মিলছে না ভাতা, ক্ষুব্ধ আবেদনকারীরা

যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে বিপত্তি: এসএমএস এলেও মিলছে না ভাতা, ক্ষুব্ধ আবেদনকারীরা

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বেকারদের জন্য ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পের টাকা পাওয়া নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। গত ৭ মার্চ থেকে ২১-৪০ বছর বয়সি আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক ১,৫০০ টাকা করে পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও বহু অনলাইন আবেদনকারী বিপাকে পড়েছেন। অভিযোগ উঠেছে, মোবাইলে টাকা ঢোকার বার্তা এলেও বাস্তবে ব্যাংক অ্যাকাউন্টে কোনো অর্থ জমা পড়ছে না। উল্টে কিছুক্ষণ পরেই ‘ট্রানজাকশন ফেইল্ড’ বা লেনদেন ব্যর্থ হওয়ার মেসেজ আসায় সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়েছে।

সমস্যার মূলে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের ভুল ও প্রযুক্তিগত ত্রুটি। আবেদনকারীদের দাবি, পোর্টাল বা মেসেজে ব্যাংক অ্যাকাউন্টের ডিজিট কম দেখানো হচ্ছে কিংবা শুরুর শূন্য বাদ পড়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে ১৫ বা ১৬ সংখ্যার অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে প্রতিফলিত না হওয়ায় লেনদেন আটকে যাচ্ছে। এই পরিস্থিতিতে পুরসভা বা সরকারি দপ্তরে যোগাযোগ করেও মিলছে না সুরাহা। সেখান থেকে পুনরায় ট্রেজারি বিল্ডিংয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকি সরকারি হেল্পলাইন নম্বরটিও বন্ধ থাকায় আবেদনকারীরা দিশেহারা হয়ে পড়েছেন।

সরকারি সূত্রে জানা গেছে, প্রায় ১৯ লক্ষের বেশি বেকার যুবক-যুবতী অনলাইনে এই ভাতার জন্য আবেদন করেছিলেন। বর্তমানে সার্ভারের জটিলতা এবং ব্যাংক তথ্যের অসংগতির কারণে বিপুল সংখ্যক মানুষের আবেদন ঝুলে রয়েছে। ভোট অন অ্যাকাউন্টে বড় ঘোষণা সত্ত্বেও প্রকল্পের রূপায়ণে এমন অচলাবস্থা শাসক দলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংশোধন না হলে এবং সরকারি তহবিল থেকে অর্থ ছাড়ের প্রক্রিয়া মসৃণ না হলে এই সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *