যোগী আদিত্যনাথের বড় ঘোষণা উত্তরপ্রদেশে ১০ বছর পানীয় জলের পাইপলাইন রক্ষণাবেক্ষণ করবে ঠিকাদার সংস্থা

উত্তরপ্রদেশের প্রতিটি প্রান্তে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে জল জীবন মিশনের অধীনে এক যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিলের উপস্থিতিতে তিনি জানান, রাজ্যের ১ লক্ষ ৫ হাজার রাজস্ব গ্রামের মধ্যে ইতিমিধ্যেই ১০ হাজারের বেশি গ্রামে পাইপলাইনের সংযোগ সম্পন্ন হয়েছে। প্রকল্পের দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মউ স্বাক্ষরিত হয়েছে।
নতুন চুক্তির শর্তানুযায়ী, পানীয় জল প্রকল্পের কাজ শেষ হওয়ার পর পরবর্তী ১০ বছর পর্যন্ত সংশ্লিষ্ট পরিকাঠামোর রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়ভার বহন করবে ঠিকাদার সংস্থাগুলো। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে, পরিষেবার মান বজায় রাখা এবং গ্রামীণ এলাকায় নিরবচ্ছিন্ন জল সরবরাহ নিশ্চিত করতেই এই কঠোর নিয়ম কার্যকর করা হচ্ছে। এর ফলে পরিকাঠামোগত ত্রুটি বা মেরামতির জন্য সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হবে না।
এই মিশনের মাধ্যমে এনসেফ্যালাইটিসের মতো জলবাহিত রোগের বিরুদ্ধে লড়াইয়ে বড় সাফল্য মিলেছে বলে দাবি করেন যোগী। তিনি জানান, স্বচ্ছ ভারত ও জল জীবন মিশনের প্রভাবে গত পাঁচ বছরে রাজ্যে মৃত্যুর হার শূন্যে নেমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী পরিকল্পনায় প্রতিটি বাড়িতে শৌচালয় ও পরিশ্রুত জলের সংযোগ পৌঁছে যাওয়ায় পূর্ব উত্তরপ্রদেশের কয়েক দশকের স্বাস্থ্যসংকট দূর করা সম্ভব হয়েছে।