রক্তাক্ত কোচবিহার! বিজেপি প্রার্থীর কনভয়ে ভয়াবহ হামলা ও গাড়ি ভাঙচুর

কোচবিহারে নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে রণক্ষেত্র পরিস্থিতি! দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বসুর কনভয় লক্ষ্য করে আচমকা ইট-বৃষ্টি ও লাঠি-সোটা নিয়ে হামলার অভিযোগ উঠল। এই ঘটনায় প্রার্থীর গাড়ির কাঁচ গুঁড়িয়ে যাওয়ার পাশাপাশি এক বিজেপি কর্মীর মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটেছে।
বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। যদিও শাসক শিবিরের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, এটি সাধারণ মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। বর্তমানে আহত কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এলাকাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। দক্ষিণ ২৪ পরগনার পর এবার উত্তরবঙ্গ—প্রচারে বেরিয়ে বারবার আক্রান্ত হওয়ার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে গেরুয়া শিবির।