রচনার বিরুদ্ধে রণহুঙ্কার অসিতের! ‘দম থাকলে নির্দল হয়ে লড়ুন’, চুঁচুড়ায় তৃণমূলের গৃহযুদ্ধ তুঙ্গে

রচনার বিরুদ্ধে রণহুঙ্কার অসিতের! ‘দম থাকলে নির্দল হয়ে লড়ুন’, চুঁচুড়ায় তৃণমূলের গৃহযুদ্ধ তুঙ্গে

চুঁচুড়া: বিধানসভা নির্বাচনের টিকিট না পেয়েই মেজাজ হারালেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। এবার সরাসরি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তিনি। রবিবার দলীয় নেতৃত্বের ওপর ক্ষোভ উগরে দিয়ে রচনার বিরুদ্ধে দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলেছেন এই বর্ষীয়ান নেতা।

“স্নো-পাউডার মেখে দল করি না”

রচনাকে ‘তিন দিনের যোগী’ বলে কটাক্ষ করে অসিত মজুমদার চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “রচনার যদি দম থাকে, তবে চুঁচুড়ায় নির্দল হয়ে দাঁড়ান, আমিও দাঁড়াব। ওর থেকে বেশি ভোট না পেলে মাথা ন্যাড়া করে জেলা ঘুরব।” তাঁর দাবি, অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভুল তথ্য দিয়ে তাঁর টিকিট কেটেছেন রচনা।

সাংসদ তহবিলের টাকায় দুর্নীতির অভিযোগ

ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি রচনার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগও তুলেছেন বিধায়ক। স্কুলের ‘স্মার্ট ক্লাস’ তৈরির প্রকল্পে সাংসদ তহবিলের টাকা নয়ছয় করা হয়েছে বলে দাবি তাঁর। একইসঙ্গে দেবাংশু ভট্টাচার্যের নির্বাচনী প্রচারে তাঁকে না ডাকায় ক্ষোভ প্রকাশ করে অসিত বলেন, “দেবাংশু খারাপ ফল করলে তার দায় রচনার। ও দেবাংশুকে হারানোর জন্যই চক্রান্ত করছে।”

পাল্টা জবাব রচনার

বিধায়কের এই বেলাগাম আক্রমণের প্রেক্ষিতে মুখ খুলেছেন হুগলির সাংসদ। তিনি স্পষ্ট জানান, প্রার্থী নির্বাচন করেন স্বয়ং নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক-এর মূল্যায়ন রিপোর্ট এবং মানুষের বিশ্বাসের ওপর ভিত্তি করেই দল সিদ্ধান্ত নিয়েছে। রচনার কথায়, “যিনি মূল্যায়নে ভালো ফল করেন, দল তাঁকেই পুনরায় সুযোগ দেয়।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *