রণক্ষেত্রের মাঝেই ম্যাজিক দেখাল ভারতের কূটনীতি, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলপথ পেরিয়ে দেশে ফিরল অষ্টম ট্যাঙ্কার

রণক্ষেত্রের মাঝেই ম্যাজিক দেখাল ভারতের কূটনীতি, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলপথ পেরিয়ে দেশে ফিরল অষ্টম ট্যাঙ্কার

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের আবহে উত্তাল হয়ে উঠেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী। ইরান ও ইজরায়েলের সংঘাতের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই পথটি কার্যত অবরুদ্ধ করে রেখেছে তেহরান। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে হাহাকার দেখা দিলেও ভারতের ক্ষেত্রে ছবিটা সম্পূর্ণ ভিন্ন। আজ সকালে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (LPG) বোঝাই ট্যাঙ্কার ‘গ্রিন সানভি’ সফলভাবে এই বিপজ্জনক জলপথ অতিক্রম করে ভারতের পথে রওনা দিয়েছে। এ নিয়ে যুদ্ধের আবহে ভারতের মোট আটটি জাহাজ নিরাপদে এই পথ পাড়ি দিল।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও সরবরাহে অস্থিরতা থাকলেও ইরান স্পষ্ট জানিয়েছে, ভারত, রাশিয়া ও চিনের মতো বন্ধু দেশগুলোর জন্য এই পথ সর্বদা উন্মুক্ত। এর আগে শিবালিক, নন্দা দেবী, জগ লাডকি এবং আরও বেশ কিছু জাহাজ নিরাপদে ভারতীয় বন্দরে পৌঁছেছে। বর্তমানে প্রায় ৪৮৫ জন ভারতীয় নাবিকসহ আরও ১৫টি জাহাজ উপসাগরীয় অঞ্চলে অবস্থান করছে। খুব শীঘ্রই ‘গ্রিন আশা’ ও ‘জগ বিক্রম’ নামের আরও দুটি জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

ভারতের এই সাফল্যকে বড় কূটনৈতিক জয় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই ঘটনার প্রেক্ষিতে মুম্বইয়ের ইরানি কনস্যুলেট জেনারেল থেকে একটি বিশেষ বার্তায় ভারত ও ইরানের সুপ্রাচীন সভ্যতার সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে গুজরাটের সাথে ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তারা বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার করেছে। গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি একে ভারতীয় কূটনীতির অনন্য জয় বলে অভিহিত করেছেন, যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *